গাইবান্ধায় আদালত চলাকালে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আবু বাছেদ মো. বুলু মিয়াকে পিস্তল তাক করে গুলি করার হুমকির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হালিম নামে এক যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তবে পিস্তলটি খেলনা বলে পুলিশ জানিয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকাল ৩টার দিকে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতের বিচারকক্ষে এ ঘটনা ঘটে।
গ্রেফতার আব্দুল হালিমের (২৬) বাড়ি সদর উপজেলার উত্তর ধানগড়া গ্রামে। তিনি ওই গ্রামের বাবলু মিয়ার ছেলে।
ঘটনার বরাত দিয়ে কোর্ট পুলিশের ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, দুপুরে ল্যান্ড সার্ভেয়ার ট্রাইব্যুনাল আদালতে বিচারিক কার্যক্রম চলছিলে। বিকাল ৩টার দিকে হঠাৎ করে আব্দুল হালিম তার কাছে থাকা পিস্তল তাক করে বিচারককে গুলি করার হুমকি দেয়। এ সময় আদালতে বঙ্গবন্ধুর ছবি ওপরে কেন জানতে চায় সে। তাৎক্ষণিক কোর্ট পুলিশের সদস্যরা তাকে গ্রেফতার করে।
তিনি আরও জানান, আটকের পর আব্দুল হালিমের কাছে থাকা পিস্তলটি উদ্ধার করা হয়। তবে সেটি প্লাস্টিকের খেলনা পিস্তল। প্রাথমিকভাবে আব্দুল হালিমকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘আদালত চলাকালে ঘোরাঘুরি করছিল আব্দুল হালিম। একপর্যায়ে সে খেলনা পিস্তল দিয়ে বিচারককে গুলি করার হুমকি দেয়। দীর্ঘদিন ধরে মানুষিক রোগে ভুগছে হালিম। মানসিক সমস্যার কারণে এমন ঘটনা ঘটায় সে।’
এ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।









