দিনাজপুর সদর উপজেলায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক স্কুল শিক্ষিকা ও তার গৃহপরিচারিকা নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন প্রাইভেটকারের চালক। রবিবার দুপুরে উপজেলার ব্যাংকালী এলাকায় দিনাজপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রাকতুবা বেগম (৪৮) ও তার গৃহপরিচারিকা রেজিয়া খাতুন (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষিকা রাকতুবা বেগম দুপুরে তার শ্বশুর অ্যাডভোকেট মোতালেব হোসেনকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে দিয়ে প্রাইভেটকারে দিনাজপুর শহরে ফিরছিলেন। তারা দিনাজপুর সদর উপজেলার ব্যাংকালী বাজার পার হলে প্রাইভেটকারটির সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এতে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। ঘটনাস্থলেই নিহত হন প্রাইভেটকারে থাকা রাকতুবা বেগম ও তার গৃহপরিচারিকা রেজিয়া খাতুন। গুরুতর আহত প্রাইভেটকারচালক দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রানীরবন্দর হাইওয়ে থানার ওসি আবুল বাশার জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকের সহায়তায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে।
/বিটি/এএইচ/








