রংপুরের বিভিন্ন মহাসড়কে পরিবহন থেকে চাঁদাবাজির অভিযোগে সাত জনকে গ্রেফতারের কথা জানিয়েছে র্যাব। বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩-এর উপপরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ।
গ্রেফতারকৃতরা হলো গঙ্গাচড়া উপজেলার খলেয়া বাজারপাড়ার চাঁন মিয়া (৫৬), লালচাঁদপুর হিন্দুপাড়ার অমল চন্দ্র রায় (৪০), ওসিপাড়ার আলাউদ্দিন (১৮), নয়াটারীর ফারুক মিয়া (১৯), গোকুলপুর নাওয়াপাড়ার জাহাঙ্গীর আলম (৫৬), কারিপাড়ার মহসিন আলী (৪০) এবং উত্তর খলেয়ার মো. মজিদুল ইসলাম (৪২)।
র্যাব জানায়, রংপুর-নীলফামারী মহাসড়কের গঙ্গাচড়ায়, দক্ষিণ খলেয়া গঞ্জিপুর বাজার সংলগ্ন মোড়, রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর বাজার এলাকায় দীর্ঘদিন ধরে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন থেকে চাঁন মিয়ার নেতৃত্বে চাঁদা আদায় করে আসছিল তার সহযোগীরা। চাঁদা না দিলে ভয়ভীতি দেখানো ও হুমকি দিয়ে আসছিল। বুধবার রাত সাড়ে ৮টার দিকে রংপুরগামী পণ্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে চক্রের মূলহোতাসহ সাত জনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৩-এর-উপপরিচালক মাহমুদ বশির আহমেদ বলেন, ‘এ ঘটনায় র্যাব বাদী হয়ে গঙ্গাচড়া থানায় চাঁদাবাজির মামলা করেছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে।’









