দিনাজপুরের খানসামায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক বাড়িঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন। শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার রাতে খানসামা উপজেলার সরকারপাড়া গ্রামে ললনী রায়ের বাড়িতে জ্বালিয়ে রাখা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই ওই আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। পরে নীলফামারী থেকে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যে অগ্নিকাণ্ডের ফলে ওই এলাকার প্রায় ৬০টির অধিক বাড়িঘর ও ২টি মটরসাইকেলসহ বাড়ির অসংখ্যা মালামাল পুড়ে যায়।
এ ঘটনায় রাতেই খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেবুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
খানসামা থানার ওসি কৃষ্ণ সরকার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ৬২টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে এবং তাদেরকে ত্রাণ সামগ্রী প্রদান করা হবে। এরই মধ্যে রবিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও ২টি করে কম্বল বিতরণ করেছেন। এছাড়াও ওইসব পরিবারকে এক বান্ডেল করে টিন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
/এআর /







