দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টার সময় দুই শিশুসহ ৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ সেপ্টেম্বর) মধ্যরাতে বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন দিনাজপুর জেলার খানসামা উপজেলার টাংগুয়া গ্রামের প্রভাস চন্দ্র রায়ের ছেলে পঞ্চানন চন্দ্র রায় (৩৩), তার শ্যালক তপু চন্দ্র রায় (২৫), একই গ্রামের পরেশ চন্দ্র রায়ের মেয়ে তাপসী রানি রায় (২৮), তার ছেলে দীপ্ত চন্দ্র রায় (৩) ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বৃন্দাবনপুর গ্রামের হরেন হেম্রমের ছেলে পাওলিনা হেম্রম (১৪)।
জানা গেছে, আটকরা দালাল চক্রের মাধ্যমে রাতের অন্ধকারে অবৈধভাবে রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯-৮-এসসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মৌচুষা গ্রামের দীপপাড়া নামক স্থান দিয়ে ভারতে প্রবেশের জন্য এসেছিলেন। খবর পেয়ে বিজিবির কোম্পানি কমান্ডারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ বিষয়ে ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহসান-উল ইসলাম জানান, বিরল উপজেলার ৬ নম্বর ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির আওতাধীন বিরল উপজেলাস্থ ভান্ডারা ইউনিয়নের রামচন্দ্রপুর বিওপির মেইন পিলার ৩২৯/৮-এস হতে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দিনাজপুর জেলার বীরগঞ্জ, খানসামা ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বিভিন্ন বয়সী ৫ জনকে আটক করে বিজিবি। আটকদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর জানান, এ ঘটনার একটি এজাহার দায়ের করার প্রস্তুতি চলছে। দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় সমাজসেবা কর্মকর্তাকেও বিষয়টি অবহিত করা হবে।









