রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে রংপুরে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (২৩ অক্টোবর) বিকালে রংপুর নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বৈষম্যবিরোধী নেতারা। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
এর আগে নগরের লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি লালবাগ হয়ে খামার মোড়, চারতলা মোড়, শাপলা চত্বর, গ্র্যান্ড হোটেল, প্রেসক্লাব চত্বর, জাহাজ কোম্পানিসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে শিক্ষার্থীরা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুরের প্রতিনিধি ইমরান আহমেদ, ইমতিয়াজ ইমতি, সাজ্জাদ হোসেন, আলী হোসাইন ও নাহিদ হাসান খন্দকার প্রমুখ।
সমাবেশে ইমরান আহমেদ বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুকৌশলে বর্তমান সরকারকে বিতর্কিত করার মিশনে নেমেছেন। তিনি বিতর্কিত বক্তব্য দিয়ে নিজের গ্রহণযোগ্যতা হারিয়েছেন। তাকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন তাহলে তার অবস্থা হবে ফ্যাসিবাদী শেখ হাসিনার মতো। একইসঙ্গে গণহত্যার দায়ে খুন-গুম-সন্ত্রাসের মাফিয়া সংগঠন ছাত্রলীগসহ তাদের সব অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে।









