দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় অভিযান চালিয়ে হাকিমপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম সরদারকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় হিলির চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য জানানো হয়।
গ্রেফতার শামীম ওই এলাকার মৃত আবেদ আলী সরদারের ছেলে। তিনি হাকিমপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।
হাকিমপুর থানার এসআই আরিফুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা, সূর্য ও নাঈম নামের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় থানায় করা মামলার আসামি শামীম সরদারকে সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।









