দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ১৪টি নির্বাচনযোগ্য ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়। ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ ২৩ এপ্রিল। ১৬ মার্চ এই তফসিল ঘোষণা করা হয়। কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনের সময়সূচি অনুযায়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় দফায় কুড়িগ্রামের নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলাধীন ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, এ দফায় শুধু নাগেশ্বরী উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
তবে স্থগিত রাখা হয়েছে ফুলবাড়ি উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা।
কুড়িগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন ট্রিবিউনকে জানান, ‘নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শুধু নাগেশ্বরী উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ফুলবাড়ির ব্যাপারে আমরা কোনও নির্দেশনা পাইনি।’
কী কারণে ফুলবাড়ি উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়নি, তা জানতে চাইলে এ কর্মকর্তা জানান, ‘এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। তবে বিলুপ্ত ছিটমহলবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ অন্যান্য কী কারণে এই দফায় ফুলবাড়ি উপজেলার তফসিল ঘোষণা হয়নি তা আমার জানা নেই । যেহেতু কমিশন ঘোষিত নির্বাচনের সময় এখনও শেষ হয়নি, সেহেতু ৪র্থ, ৫ম কিংবা ৬ষ্ঠ দফাতেও এই উপজেলাধীন ইউনিয়নগুলোর নির্বাচন হতে পারে।’








