সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সৃজনশীল ও মননশীল চিন্তা চেতনার মানুষ গড়ে তুলতে হলে সংস্কৃতিচর্চার কোনও বিকল্প নেই।

তিনি শনিবার রাতে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমীতে ভূমিজ নাট্য সংগঠন আয়োজিত ১০ দিনব্যাপী জাতীয় নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সংস্কৃতিচর্চা করে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে মুক্তমনা জাতি গঠনের মাধ্যমে এক সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর এর মাধ্যমেই সমাজ ও দেশের পরিবর্তন আনতে হবে।
তিনি সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গঠনে দেশকে সফল জাতি হিসেবে গড়ে তুলতে সংস্কৃতিচর্চার আহবান জানান।

মন্ত্রী এর আগে শিল্পকলা একাডেমী চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে প্রধান অতিথি বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। পরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
নাট্য উৎসবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম পঞ্চগড়-১ আসনের সাংসদ নাজমুল হক প্রধান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আকতারী মোমতাজ, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রকল্পের (এটুআই) জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ শহীদ উজজ্জামান প্রমুখ বক্তৃতা করেন।








