রংপুর নগরীর কামাল কাছনা মাসুয়া পাড়া বাজারে মহানগর যুবদল নেতা ও জুলাই যোদ্ধা রাকিবকে (২০) বাসা থেকে ডেকে এনে শত শত মানুষের সামনে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি শীর্ষ মাদক কারবারি মমিন ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাত সাড়ে ১১টায় রংপুর র্যাব ১৩ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন র্যাব ১৩ রংপুরের কোম্পানি কমান্ডার মহিদুল ইসলাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ওপর ভিত্তি করে সোমবার বিকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের শাহাপাড়া গ্রামে জনৈক রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে রাকিব হত্যা মামলার প্রধান আসামি মমিন ও তার স্ত্রী বিউটি বেগমকে গ্রেফতার করা হয়। মমিনের বাবার নাম মৃত মুসলিম উদ্দিন। বাড়ি রংপুর নগরীর রবাটসনগঞ্জের তাতিপাড়ায়।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে মহানগর যুবদল নেতা ও জুলাই যোদ্ধা রাকিবের সঙ্গে মাদক ব্যবসায়ী মমিন ও তার স্ত্রী বিউটি বেগমের বাগবিতণ্ডা হয়। এরই জেরে মাদক ব্যাবসায়ী মমিন তার স্ত্রীর সহযোগিতায় অন্য সহযোগীদের নিয়ে যুবদল নেতা রাকিবকে বাসা থেকে ডেকে এনে প্রকাশ্য দিবালোকে নগরীর কামাল কাছনা মাসুয়া পাড়া বাজারে কুপিয়ে হত্যা করে বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।
এ ঘটনায় নিহত রাকিবের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
র্যাব জানায়, ঘটনার পরপরই খুনিরা পালিয়ে যায়। তারা বিভিন্ন জায়গার আত্মগোপন করে থাকে। তবে র্যাবের জালে অবশেষে তারা ধরা পড়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি মমিন ও বিউটি বেগম হত্যার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এদিকে প্রেস ব্রিফিং শেষে দুই আসামিকে নগরীর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান জানান, মঙ্গলবার দুই আসামিকে আদালতে চালান দিয়ে রিমান্ডের আবেদন করা হবে।