মসজিদ খুলে দেওয়ার দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। উদ্বোধনের পরও মসজিদটি তালাবন্ধ করে রাখায় শুক্রবার দুপুরে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, দুই বছর আগে বিশ্ববিদ্যালয়ের একমাত্র মসজিদের নির্মাণ কাজ শেষ হলেও এখনও তা তালাবন্ধ করে রাখা হয়েছে। সর্বশেষ গত ৬ মার্চ উপাচার্য অধ্যাপক নুর উন নবী ৩১ মার্চের মধ্যে মসজিদ খুলে দেওয়ার ঘোষণা দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।
উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় উপাচার্য বা তার কোনও প্রতিনিধি সেখানে না আসায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যের ভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে তারা আগামী শুক্রবারের মধ্যে মসজিদ খুলে না দিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শাহিন ইসলাম বলেন, মসজিদের জন্য একজন ইমাম ও মুয়াজ্জিম নিয়োগের বিষয়টি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অনুমোদন দিয়েছেন। এখন তাদের ব্যাপারে পুলিশ ভেরিফিকেশন চলছে। সেই রিপোর্ট না আসায় সমস্যা সৃষ্টি হয়েছে। পুলিশের রিপোর্ট এলেই মসজিদ খুলে দেওয়া হবে।
/এমও/ এএইচ/







