‘মনগড়া’ ভোটার তালিকা তৈরি, ওয়ার্ড কমিটিতে জামায়াত-আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্তিসহ নানা অনিয়মের অভিযোগ ওঠায় কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার তিন ইউনিয়নে বিএনপির কাউন্সিল স্থগিত করেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা এবং সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজিবপুর উপজেলাধীন তিন ইউনিয়ন বিএনপির কাউন্সিল প্রক্রিয়ায় দলীয় গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও প্রচলিত নিয়মাবলির পরিপন্থী কার্যক্রম পরিলক্ষিত হয়েছে। সংগঠনের স্বার্থে এবং একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য কাউন্সিল নিশ্চিত করার লক্ষ্যে উক্ত ৩ ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো।
এর আগে তিন ইউনিয়নে কাউন্সিল করার তারিখ ঘোষণা করে রাজিবপুর উপজেলা বিএনপি। ১০ জুলাই সদর ইউনিয়ন, ১১ জুলাই কোদালকাটি এবং ১২ জুলাই মোহনগঞ্জ ইউনিয়নের কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়েছিল। তবে গঠনতন্ত্র লঙ্ঘন করে ‘মনগড়া’ ভোটার তালিকা তৈরি, সরকারি স্কুলের শিক্ষকদের দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন, ওয়ার্ড কমিটিতে জামায়াত-আওয়ামী লীগ কর্মীদের অন্তর্ভুক্তিসহ ‘পকেট কমিটি’ করার ষড়যন্ত্র করে কাউন্সিল প্রস্তুতির অভিযোগ তুলে জেলা কমিটির কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় এক যুবদল নেতা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। পরে তিন ইউনিয়নের কাউন্সিল কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।









