দিনাজপুর জেলা কারাগারে থাকা নাদিম নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসেন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টায় তার মৃত্যু হয়।
কারাগার সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০ দিনের সাজাপ্রাপ্ত হয়ে গত ১৭ আগস্ট দিনাজপুর জেলা কারাগারে নেওয়া হয় নাদিমকে। বুধবার সাজা শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৭ আগস্ট) তার মুক্তি পাওয়ার কথা।
তার আগেই সকাল সাড়ে ৭টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সকাল পৌনে ৮টার দিকে হাসাপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮টার সময় তিনি মারা যান।
দিনাজপুরের জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার সিরাজুস সালেহীন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।









