লালমনিরহাটের পাটগ্রামে বিজিবির জব্দ করা অবৈধ ড্রেজার মেশিন ছিনিয়ে নেওয়ার চেষ্টা এবং সরকারি কাজে বাধা ও ক্যাম্পে ঢুকে বিজিবি সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার (৯ সেপ্টেম্বর) আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাটগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তারা হলেন—বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহসভাপতি মতিউর রহমান এবং তাদের সহযোগী শাহাদাত হোসেন ও দুলাল মিয়া।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর মেচেরঘাট এলাকায় অভিযান চালিয়ে পাথর উত্তোলনে ব্যবহৃত একটি অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে বিজিবি। পরে জব্দ করা ড্রেজার মেশিনটি স্থানীয় বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ সময় বুড়িমারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি বিজিবি ক্যাম্পে প্রবেশ করেন। বিজিবির অভিযোগ, তারা দায়িত্বরত বিজিবি সদস্যদের হুমকি দিয়ে জব্দ করা ড্রেজার মেশিনটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে সরকারি কাজে বাধা প্রদান ও হুমকির অভিযোগে ঘটনাস্থল থেকে ছয় জনকে আটক করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সরকারি কাজে বাধা ও হুমকির অভিযোগে পাটগ্রাম থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় ছয় জনকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিজিবি ক্যাম্পে প্রবেশ করে দায়িত্বরত সদস্যদের হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজিবির পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক ছয় জনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’









