ঢাকার একটি গার্মেন্টেসে কর্মরত ঠাকুরগাঁওয়ের মেয়ে নাসিমা আক্তারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় শিওং ঝেনতিং নামে এক চীনা যুবকের। এরপর তাদের মধ্যে তৈরি হয় প্রেমের সম্পর্ক। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ে করতে সুদূর চীন থেকে ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসেছেন চীনা যুবক। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তৈরি হয়েছে কৌতূহল ও চাঞ্চল্য।
চীনা যুবক শিওং ঝেনতিং চীনের শিনজিয়াংয়ের আলার শহরের বাসিন্দা বলে জানা গেছে। আর নাসিমা আক্তারের বাড়ী ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজলার বীরগড় গ্রামে। তিনি ওই এলাকার আবুল কালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা আক্তার ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। ফেসবুকের মাধ্যমে চীনা যুবক শিওং ঝেনতিংয়ের সঙ্গে পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের পরিণতি হিসেবে নাসিমাকে বিয়ে করতে চীনা যুবকটি ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে এসে তার বাড়িতে অবস্থান করছেন।
এদিকে, চীনা যুবকের বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তাকে দেখার আগ্রহ তৈরি হয়। অনেকেই তাকে দেখতে নাসিমাদের বাড়ির আশপাশে ভিড় করছেন। তবে নাসিমা ও শিওং ঝেনতিংয়ের সঙ্গে গণমাধ্যমকর্মী কিংবা স্থানীয়দের কথা বলতে দিচ্ছেন না পরিবারের সদস্যরা।
এ বিষয়ে নাসিমার পরিবার জানায়, ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল করলে মেয়ে ও চীনা ছেলের সম্মান নষ্ট হতে পারে। এ ছাড়া ইমিগ্রেশনেও সমস্য দেখা দিতে পারে, তাই আমরা কাউকে তাদের সঙ্গে কথা বলতে দিচ্ছি না।
পরিবারের এমন অবস্থানের কারণে গণমাধ্যমকর্মীরা চীনা যুবক ও নাসিমার সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি। তবে প্রেমের টানে বাংলাদেশে আসা চীনা যুবক বর্তমানে মেয়ের বাসায় অবস্থান করছেন বলে নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ।
ওসি বলেন, ‘বিয়ের উদ্দেশ্যে চীন থেকে এক নাগরিক ঠাকুরগাঁওয়ে আসার বিষয়টি পুলিশ নিশ্চিত হয়েছে। তবে নাসিমার পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি আমাদের।’