ডিসেম্বর ঘিরে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন-নাইটভিশন

হিলি প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৮ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৪:৪৮

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে কেউ যাতে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে লক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে টহল জোরদারের পাশাপাশি সিসি ক্যামেরা, ড্রোন ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিজিবির এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচারসহ সব ধরনের অপরাধ দমনে বিজিবি নিয়মিত সতর্ক অবস্থানে থাকে। তবে ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা এবং সম্প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের বেনাপোল সীমান্ত পরিদর্শনের পরিপ্রেক্ষিতে সীমান্তে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিলি সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি বাড়তি টহল দেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব স্থানে ড্রোন ও সার্চলাইটের মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া সীমান্ত দিয়ে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রী ও আমদানিপণ্যবাহী ট্রাক তল্লাশি করে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দা রায়হান হোসেন জানান, বাইরে থেকে যদি অপরিচিত কোনও মানুষ এলাকায় আসে তাহলে অবশ্যই যেন বিজিবিকে বিজিবিকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। কেউ যেন অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে সীমান্তে বিজিবির নজরদাড়ি বাড়ানো হয়েছে। সীমান্তে আগে একজন করে বিজিবি সদস্য টহল দিলেও এখন সেই সংখ্যা বাড়িয়ে কয়েকজনের সমন্বয়ে দল গঠন করে টহল দেওয়া হচ্ছে। এ ছাড়া সীমান্তের প্রতিটি পোস্টেও সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

স্থানীয় বাসিন্দা নূর ইসলাম বলেন, সীমান্তে বিজিবির তৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে। ভারত থেকে কেউ যাতে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আগের তুলনায় টহল দলের সদস্যসংখ্যাও বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকায় অপরিচিত কারও অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি মাদক ও অবৈধ পণ্য প্রবেশ রোধেও বিজিবি তৎপরতা বাড়িয়েছে। তাদের এমন উদ্যোগে স্থানীয় বাসিন্দারা উপকৃত হবেন।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী বলেন, ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় গুজব ছড়িয়েছে। বিজয়ের মাস ডিসেম্বরে যাতে কোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে লক্ষ্যে সীমান্তের সার্বিক নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, থার্মাল ইমেজার ও নাইটভিশন সুবিধাসম্পন্ন ড্রোন ব্যবস্থা সক্রিয় রয়েছে। এর মাধ্যমে সীমান্তে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জয়পুরহাট-২০ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে দিন ও রাতে নজরদারির আধুনিক ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। স্থাপন করা হয়েছে নাইটভিশন ডিভাইস। এ ছাড়া সীমান্তের কিছু স্পর্শকাতর স্থানে সার্চলাইট ও ফ্লাডলাইট স্থাপন করা হয়েছে।

যেকোনও ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলায় রিজার্ভ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আধুনিক সরঞ্জাম, থার্মাল ও নন-লেথাল ওয়েপন এবং ফায়ার কন্ট্রোল সরঞ্জাম নিয়ে রিজার্ভ প্লাটুন প্রস্তুত রয়েছে। যেকোনও পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা অনুযায়ী নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সচেষ্ট রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
সাত জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, সর্বাধিক গোপালগঞ্জে
১০ মাসে এক সরকারি হাসপাতালে ৫২৭ প্রসূতির নরমাল ডেলিভারি, খরচ কত?
১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ব্যবহারে চলছে পর্যবেক্ষণ
সর্বশেষ খবর
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
তিন লাখ স্কুলছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী
তিন লাখ স্কুলছাত্রীকে সাইকেল দেবে সরকার, পরখ করে দেখলেন প্রধানমন্ত্রী
শতবার পেছালো রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন 
শতবার পেছালো রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন 
৪৯৪ রানেই ইনিংস ঘোষণা, কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ
৪৯৪ রানেই ইনিংস ঘোষণা, কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?