‘উড়িয়ে দে তোর বিজয় কেতন’ স্লোগানকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) রবীন্দ্র-নজরুল জন্মোৎসব ৩০ মে সোমবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে শাবিপ্রবির বাংলা বিভাগ।
রবিবার রবীন্দ্র-নজরুল জন্মোৎসব উদযাপন কমিটির আহ্বায়ক বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফয়জুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাঙালির সাহিত্য-সংস্কৃতির দুই দিকপাল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানাতে তাদের এ আয়োজন।
সোমবার সকাল সাড়ে ১১টায় বর্ণাঢ্য র্যালী ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হবে। পরে বিকাল সাড়ে ৩টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হবে আলোচনা সভা। এছাড়া সন্ধ্যায় রয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া, প্রধান বক্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহিত উল আলম এবং কলকাতার রবীন্দ্র সংগীত শিল্পী শ্রীযুক্ত অসীম ভট্টাচার্য প্রমুখ।
আরও পড়ুন: নবীগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৩
/এআর/








