
সিলেটে পুলিশের বিশেষ অভিযানে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১০ জন জামায়াত-শিবির কর্মী রয়েছেন। শুক্রবার রাত থেকে শনিবার ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ও জেলা পুলিশ অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।
এসএমপি’র আওতাধীন ৬ থানা পুলিশ ১৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে কোতোয়ালি থানা ৫ জন, জালালাবাদ থানা ৪ জন, এয়ারপোর্ট থানা ৪ জন, দক্ষিণ সুরমা থানা ৩ জন এবং মোগলাবাজার ও শাহপরাণ থানা একজনকে গ্রেফতার করে। দক্ষিণ সুরমা থানায় গ্রেফতারকৃত তিনজনের মধ্যে দুজন শিবির কর্মী রয়েছেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছেন, সিলেট জেলা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে জামায়াত শিবিরের ৮ জন এবং ৫ জন সাজাপ্রাপ্ত আসামি। গ্রেফতারকৃতদের মধ্যে কানাইঘাট ডিগ্রি কলেজ শিবিরের সভাপতি জুবায়েরও রয়েছেন। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।
/এসটি/







