সুনামগঞ্জে স্কুল-কলেজ ও মাদ্রাসার অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা তৈরি করছে জেলা মাধ্যমিক অফিস। এছাড়াও যুক্তিসঙ্গত কারণ ছাড়া টানা ১০ দিন অনুপস্থিত এবং সন্দেহভাজন আচরণকারীদেরও তালিকা তৈরি করা হচ্ছে।
জেলা মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠির পরিপ্রেক্ষিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে চিঠির মাধ্যমে গত ১২ জুলাই উপজেলা মাধ্যমিক অফিসাদের এই তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়। উপজেলা পর্যায়ে কর্মরত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা জেলার ১১টি উপজেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানগণের কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের ওই চিঠিতে তথ্য উপাত্ত সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে। জেলার ১১টি উপজেলায় ২৩টি নিম্ন মাধ্যমিক স্কুল ও ১৮২টি মাধ্যমিক স্কুল, ২০টি স্কুল অ্যান্ড কলেজ, ১৪টি উচ্চ মাধ্যমিক কলেজ ও ১৮টি ডিগ্রি কলেজ এবং ৬৭টি দাখিল মাদ্রাসা,২০টি আলিম মাদ্রাসা, ৩টি ফাজিল মাদ্রাসা, ১টি কামিল মাদ্রাসা রয়েছে। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুলে এক লাখ ২১ হাজার ১৮১ জন, মাদ্রাসায় ২৪ হাজার ৯৫৮ জন ও কলেজে ৩০ হাজার ১১৮ জন শিক্ষার্থী লেখাপড়া করছেন।
ধর্মপাশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তাহের মো. কামরুল হাসান জানান, তারা বিষয়টি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে লিখিতভাবে জানিয়েছেন। স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানগণ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। অসংলগ্ন কোনও কিছু পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে জানবেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে জানান, ধর্মীয় জঙ্গিবাদ প্রতিরোধে পরিবারকে প্রথমে এগিয়ে আসতে হবে। কারণ একজন শিক্ষার্থী স্কুলে যে সময় কাটায় তার চেয়ে বেশি সময় কাটায় তার পরিবারের সঙ্গে। তাই এই ব্যাপারে পরিবারের গুরুত্ব অপরিসীম।
বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নীরেন্দ্র কুমার ভদ্র বলেন, স্কুলে তারা শিক্ষার্থীদের আচার-ব্যবহার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কোনও অসংগতি পেলে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পরপর এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। তাছাড়া যেসব শিক্ষার্থীর আচার-আচরণ ও গতিবিধি সন্দেহজন বলে মনে হবে তাদের আইনের হাতে সর্পোদ করা হবে।
/জেবি/
আরও পড়তে পারেন : দেড় বছর ধরে তিনজন নিখোঁজ, পরিবারের অভিযোগ উদ্ধারে তৎপর নয় পুলিশ







