সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনির্ভাসিটির ছাত্র মাহবুব ইকবাল মুন্নার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩ আগস্ট) সিলেট মুখ্য মহানগর হাকিম-১ এর বিচারক সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে পুলিশ তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া পালিয়ে যাওয়ার সময় গত ৩১ জুলাই রাতে ইমিগ্রেশন পুলিশ মুন্নাকে আটক করে। তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সিলেটে মামলা থাকায় তাকে সিলেটে আনা হয়। সে হিযবুত তাহরীর সদস্য ও লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
পুলিশ সূত্র জানায়, ২০১১ সালে মুন্নাকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের লিফলেট বিতরণকালে আটক করার পর সে জেলে ছিল। পরে সে জামিনে মুক্তি পায়।
জানা যায়, মুন্না সিলেট নগরীর খাসদবীর বন্ধন আবাসিক এলাকার এফ-১ নম্বর বাসার মৃত আবদুল বাছিরের ছেলে।
সিলেট কোতোয়ালি থানার ওসি সুহেল আহমদ জানান, মাহবুব ইকবাল মুন্নার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। বেশ কিছুদিন আগে বন্দরবাজার জামে মসজিদের সামনে লিফলেট বিতরণকালে হিযবুত জঙ্গিরা র্যাবের ওপর হামলা চালিয়েছিল। এ হামলার সঙ্গেও মুন্না জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে।
মাহবুব ইকবাল মুন্না ২০১৫ সালের এপ্রিল থেকে লিডিং ইউনিভার্সিটিতে অনুপস্থিত রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মুন্না ছাড়াও লিডিং ইউনিভার্সিটির আরও দুই ছাত্র আটক রয়েছে।
আরও পড়ুন-
সিলেটে চার জঙ্গি আটকের দাবি র্যাবের
'সাউথশোর' নামে আসছে লালমাটিয়ার পিস স্কুল!
অভ্যুত্থান চেষ্টা থেকে জঙ্গিনেতা
/এফএস/








