শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক মাজহারুল হাসান মজুমদারকে এক শিক্ষার্থী সিলেট ছাড়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থীর নাম জাহাঙ্গীর আলম নোমান। তিনি তারই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।
মঙ্গলবার বিকালে ব্যবসায় প্রশাসন বিভাগেই ক্লাসে উপস্থিতি নিয়ে শিক্ষকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে এরকম হুমকি দেয় বলে বাংলা ট্রিবিউনকে জানান শিক্ষক মাজহারুল হাসান।
বিভাগীয় সূত্রে জানা যায়, বিভাগের এম.বি.এ প্রোগ্রামে ইটঝ-৫১১ নং কোর্সের টানা চারটি ক্লাসে অনুপস্থিত ছিলেন নোমান। ক্লাসে অনুপস্থিতি থেকেও উপস্থিতির খাতায় স্বাক্ষর করে সে। পরে শিক্ষক মাজহারুল এর কারণ জিজ্ঞাসা করলে সে সঠিক কোনও ব্যাখা দিতে পারেনি। পরে তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে ক্লাস শেষে ওই শিক্ষকের রুমে ঢুকে নোমান তাকে সিলেট ছাড়ার হুমকি দেয়।
যোগাযোগ করা হলে সহযোগী অধ্যাপক ড. মাজহারুল হাসান হুমকির বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, শিক্ষক হিসেবে কোনও ধরনের অন্যায় কাজে প্রশ্রয় দেওয়া ঠিক নয়। সে কারণেই অনুপস্থিতি থেকেও উপস্থিতির স্বাক্ষর দেওয়ায় আমি আমার নৈতিক অবস্থান থেকে তাকে জিজ্ঞাসা করি।
তবে একজন শিক্ষক হিসেবে ছাত্রদের কাছ থেকে এরকম ব্যবহার কখনোই কাম্য নয় বলে জানান তিনি।
এদিকে হুমকির অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর বলেন, ক্লাস শেষে মাফ চাইতে গেলে তিনি আমাকে অপমান করেন এবং গালাগালি ও ঘাড় ধরে রুম থেকে বের করে দেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান প্রফেসর নজরুল ইসলাম বলেন, একজন শিক্ষককে হুমকি দেওয়ার বিষয়টি আমি শুনেছি। তবে শিক্ষকের মান রক্ষার্থে বিভাগের পক্ষ থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: বিএনপি থেকে সাবেক এমপি সালিমুল হক কামালের পদত্যাগ
/এআর/








