সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাবেক যুবদল কর্মী কাজল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত রঙ্গু মিয়ার ছেলে।
শুক্রবার সন্ধ্যায় সদর থানার এএসআই আকতারুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, কাজল মিয়া কিবরিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ও পলাতক আসামি। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়াসহ আওয়ামী লীগের পাঁচ নেতা নিহত হন। এ ঘটনায় আহত হন আরও শতাধিক। ঘটনার পরপরই রাতে আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে সাধারণ সম্পাদক এমপি আব্দুল মজিদ খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ মামলায় কাজল অন্যতম আসামি।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতার কাজল সাবেক অর্থমন্ত্রী শাহ এসএম কিবরিয়া হত্যা ও বিস্ফোরক মামলার আসামি। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।
/এবি/
আরও পড়ুন







