সুনামগঞ্জের দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর উপজেলার নরসিংপুর ও বাদাঘাট দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ সোমবার সকাল ৮ টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।
নরসিংপুর ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুবুর রহমান রহমানীর মৃত্যুতে এই ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ১১১ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ছয়জন এবং নারী ভোটার ৯ হাজার ১০৫ জন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা দীপক কুমার রায় জানান, ইউনিয়নের ৯টি কেন্দ্রে ভোট চলছে। নির্বাচনে চেয়ারম্যানপদে নৌকা প্রতীকে নুর উদ্দিন আহমদ ও ধানের শীষ প্রতীকে শামছুল হক নমো ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামরুজ্জামান ভুইয়া (চশমা), মোত্তাকিন আলী (ঘোড়া), মঈনুদ্দিন আহমদ (আনারস), মো. আবুল কালাম (টেবিলফ্যান), আজিজুর রহমান (টেলিফোন) ও মো. সাখাওয়াত হোসেন চৌধুরী (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নে বিগত নির্বাচনে দুইপ্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় আজ পুনঃনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭৬০। পুরুষ ভোটার ৭ হাজার ৩২৩ ও নারী ভোটার ৭ হাজার ৩৪৭। মোট কেন্দ্র ৯ টি।
চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মো. আব্দুল গনি ও লাঙ্গল প্রতীক নিয়ে মো. এরশাদ মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির জানান, ৯টি ভোট কেন্দ্রের প্রতিটি কেন্দ্রে ৮ জন পুলিশ, ১৭ জন আনসারসহ চারটি মোবাইল টিম বিশেষ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন:
প্রথমবারের মতো ভোট দিচ্ছেন বিলুপ্ত ছিটমহলবাসী
/বিটি/








