মৌলভীবাজারে আগামী বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ও ব্যবসায়ী সম্মেলন। দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে আগামী ২৯, ৩০ ও ৩১ ডিসেম্বর মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই উৎসবের উদ্বোধন করবেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সুরেন্দ্র কুমার সিনহা।
উৎসবের সামগ্রিক বিষয় নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার চেম্বারের কলিমাবাদস্থ কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। সেখানে চেম্বার সভাপতি মো.কামাল জানান, তিন দিনব্যাপী এই অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের মন্ত্রী, সংসদ সদস্য, ব্যবসায়ী, বিভিন্ন পর্যায়ের অতিথি, দুই দেশের বিখ্যাত শিল্পীরা উপস্থিত থাকবেন। এর মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যের বাণিজ্য, শিক্ষা ও আইনমন্ত্রী শ্রী তপন চক্রবর্তী, কলকাতার পশ্চিমবঙ্গের সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায়, মণিপুরের বাণিজ্য মন্ত্রী শ্রী কন্তুজাম কবিন্দাস, ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষ বর্ধন শ্রীংলা, বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ইকোনোমিক জোনের চেয়ারম্যান পবন চৌধুরী, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান অপরূপ চৌধুরী, আওয়ামী লীগ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজ, এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, এ উৎসব ও ব্যবসায়ী সম্মেলনে শেরপুর ইকোনোমিক জোন, চা শিল্প, পর্যটন শিল্প ইত্যাদি সম্ভাবনাময় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। দেশে জেলা পর্যায়ে এবারই প্রথম এ আয়োজন। এই বিশাল আয়োজনে এ অঞ্চলসহ দেশের ব্যবসাক্ষেত্রে দ্বার উন্মোচিত হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বার পরিচালক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, শওকত খাঁন এলিন, সৈয়দ মুনিম আহমদ রিমন, সৈয়দ এরশাদ আলী, মহিম দে, হামিদুর রহমান চৌধুরী প্রমুখ।
/বিটি/








