বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেছেন, ‘যারা ফেসবুকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সংবাদকর্মীদের হত্যার হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
ছাত্রী নির্যাতন, যৌন হয়রানি ও সাংবাদিকের ওপর হামলার বিষয়ে জানতে চাইলে রবিবার (৯ এপ্রিল) তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক বলেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি আমি জেনেছি। তদন্তের মাধ্যমে এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে।’
উল্লেখ্য, শনিবার (৮ এপ্রিল) সিলেট নগরীর দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করার জের ধরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক অবজারভারের সিলেট প্রতিনিধি সরদার আব্বাস আলী ও সহ-সভাপতি ও দৈনিক সকালের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সৈয়দ নবীউল আলম দিপুকে শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থের নির্দেশে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে তার অনুসারীরা। দুইজনকেই সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর শাবি শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থর অনুসারী যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন আহত দুই সাংবাদিকদের উদ্দেশ্য করে ফেসবুকে মারধর ও হত্যার হুমকি দেয়। জানা গেছে, ঝুটন হত্যাচেষ্টা মামলা ও আবাসিক হলের রুম ভাঙচুরের মামলায় এক নম্বর ও দুই নম্বর আসামি।
এদিকে লাঞ্ছনার শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। এছাড়া হামলায় আহত ডেইলি অবজারভারের সিলেট প্রতিনিধি ও শাবি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী এবং দৈনিক সকালের খবরের শাবি প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ-সভাপতিও আলাদাভাবে প্রক্টরের কাছে দুটি লিখিত অভিযোগ করেন।
/এআর/








