হবিগঞ্জের খোয়াই নদীতে সিমেন্ট বোঝাই নৌকাডুবির ঘটনায় শিশুসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নিখোঁজ ৮ জনের সন্ধানে উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরি দল। তবে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত কোনও লাশের সন্ধান পায়নি তারা।
এর আগে, সকালে উদ্ধারকারী দল খোয়াই নদীর লম্বাবাগ এলাকায় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টা থেকে উদ্ধার কাজ শুরু হওয়ার পর দুপুর দু’টা পর্যন্ত কোনও লাশের সন্ধান পাওয়া যায়নি। নদীতে স্রোতের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন ডুবুরিরা।
ডুবে যাওয়া নৌকার যাত্রী খলিল মিয়া জানান, নৌকাটি ঘোরানোর সময় অতিরিক্ত যাত্রীর কারণে ডুবে যায়। অনেক যাত্রী সাঁতরে তীরে উঠলেও নারী ও শিশুরা উঠতে পারেনি। যে কারণে নিখোঁজদের তালিকায় অধিকাংশই নারী ও শিশু। ধারণ ক্ষমতার তিনগুন যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা শুরু করেছিল, বলেও জানান তিনি।
উদ্ধারকাজে নিয়োজিত থাকা হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম জানান, ঢাকা থেকে উদ্ধাকারীদল সকালে এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। তবে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে উদ্ধার কাজ ঠিকভাবে করা যাচ্ছে না।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকা থেকে সিমেন্ট বোঝাই একটি নৌকা যাত্রী নিয়ে কাশিপুর যাওয়ার পথে খোয়াই নদীর লম্বাবাগ এলাকায় ডুবে যায়। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশ ৩ জনের লাশ উদ্ধার। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জন নিখোঁজ রয়েছে।








