আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দল যাকে মনোনয়ন দেবে তিনিই সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রার্থী হবেন। এর আগে লাফালাফি করে কোনও লাভ হবে না।’ এসব করে দলের নেতাদের নিজের ক্ষতি না করার আহ্বান জানান তিনি।
শনিবার (২১ অক্টোবর) সকাল ১০টায় আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগর শাখার সদস্য সংগ্রহ এবং নবায়নের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘সিলেটের আগামী সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রতীক হবে নৌকা। নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। আপনারা কোনও চামচামি করবেন না। কারণ আওয়ামী লীগ এসব পছন্দ করে না। এ দল চলে জাতীর পিতা বঙ্গবন্ধুর আদর্শে।’
মির্জা ফখরুলের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপিকে আপনি আর রঙিন স্বপ্ন দেখাবেন না। এমনিতেই বিএনপি জনগণ থেকে বিচ্ছন্ন হয়ে পড়েছে।’
সম্প্রতি ছাত্রলীগের দুজন কর্মী হত্যার পেছনে যারাই জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে আইনে আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আহ্বান জানান তিনি।
প্রায় ৭ মাস পর ওবায়দুল কাদের আবার সিলেটে এসেছেন। তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন,এর মধ্য দিয়ে দল আরও শক্তিশালী হয়েছে। যা আগামী নির্বাচনে দলের জন্য অন্যতম শক্তি হিসেবে কাজ করবে।








