বাসায় চিঠি রেখে নিরুদ্দেশ হওয়া সিলেটের লিডিং ইউনিভার্সিটির ছাত্র ইমাদ আহমেদ চৌধুরীকে (২৩) কুমিল্লার এক ট্রেন থেকে উদ্ধার করেছেন তার এক আত্মীয়। শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ইমাদের খোঁজে পাওয়ার বিষয়টি সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানারও ওসিকে জানান তার বড়ভাই জিল্লুর রহমান চৌধুরী।
এর আগে ইমাদ গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোরে বাসায় একটি চিঠি রেখে নিরুদ্দেশ হন। ইমাদ আহমেদ চৌধুরী লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের (তৃতীয় বর্ষ) ছাত্র। তিনি সিলেট নগরের দরগাহ মহল্লার পায়রা আবাসিক এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
ইমাদ আহমেদের বড় ভাই জিল্লুর রহমান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ইমাদকে কুমিল্লার একটি ট্রেনে পেয়ে আমাদের খালু তার বাসায় নিয়ে যান। গত বৃহস্পতিবার রাতে খালু কুমিল্লা স্টেশনে ট্রেনে ইমাদকে দেখতে পান। এরপর তাকে কুমিল্লা থেকে সিলেটে নিয়ে আসি।’ চিঠি লিখে নিখোঁজ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় হতাশা থেকে ইমাদ বাড়ি থেকে পালিয়েছিল। এ বিষয়টি সে আমাদের আগে জানায়নি।’
কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, ‘ইমাদের বড় ভাই সাধারণ ডায়রির বাদী। তিনি থানায় ফোন করে জানিয়েছেন ইমাদকে কুমিল্লা থেকে উদ্ধার করেছেন তাদের এক আত্মীয়। ইমাদকে থানায় নিয়ে আসার জন্য তার ভাইকে বলা হয়েছে। সে থানায় আসার পর বিস্তারিত জানা যাবে।’
আরও পড়ুন- চিঠি লিখে নিরুদ্দেশ সিলেটের লিডিং ইউনিভার্সিটির ছাত্র








