মাদকের বিষাক্ত ছোবলে দেশের যুব সমাজ ধ্বংস হচ্ছে বলে জানিয়েছেন র্যা বের মহাপরিচালক বেনজির আহমদ। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দেশবাসী ও সব শ্রেণিপেশার মানুষ একত্রিত হলে মাদকের নীল নকশার বিষাক্ত ছোবল থেকে দেশের যুবসমাজকে আমরা রক্ষা করতে পারবো।’ বুধবার (২৭ জুন) দুপুরে দিনব্যাপী মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শ্রীসূর্য্য সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এ সব কথা বলেন।
বেনজির আহমদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা ও রাষ্ট্রের দায়বদ্ধতা হিসেবে আমরা বন্যাদুর্গত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য সামন্য কিছু ত্রাণ নিয়ে এসেছি।’
দেশে জঙ্গিবাদ ও মাদক প্রসঙ্গে বেনজির আহমদ বলেন, ‘দেশে মাদকের সরবরাহ ও চাহিদা বন্ধ করতে হবে। এই চাহিদা বন্ধ করার দায়িত্ব হচ্ছে পরিবার, কমিউনিটি, সমাজ, আত্মীয়-স্বজন তথা আমাদের সবার। যারা মাদকাসক্ত হয়েছেন তাদের চিকিৎসা ও পূনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাদকসেবীরা চাইলেই মাদক সেবনের ভয়াবহ অবস্থা থেকে ফিরে আসতে পারে।’
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. আনোয়ার লতিফ খাঁন, পরিচালক আইন ও গণমাধ্যম শাখা কমান্ডার মুফতি মাহমুদ খান, র্যা ব সদর দফতর পরিচালক (অপারেশনস) লে. কর্নেল মো. মাহবুব হাসান, অধিনায়ক র্যা ব-৯ লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদসহ অনেকে।








