হবিগঞ্জের নবীগঞ্জে একটি বাসের ধাক্কায় তন্ময় (১০) নামে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। তন্ময় দ্বিতীয় শ্রেণির ছাত্র। শনিবার (৩০ মার্চ) দুপুরে নবীগঞ্জ-শেরপুর সড়কের বাজখাশারা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত তন্ময় উপজেলার বাউসা গ্রামের সুমিত বৈষ্ণবের ছেলে এবং স্থানীয় সোনার বাংলা মডেল স্কুলের ছাত্র।
ওসি ইকবাল হোসেন জানান, বাজখাশারা গেট এলাকায় সিএনজি অটোরিকশাটিকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এসময় তন্ময় আহত হলে, তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার-নিরীক্ষার পর তন্ময়কে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও হেল্পার পালিয়ে গেছে। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।








