একুশ শতকের উপযোগী করে নিজেদের গড়ে তোলার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেকে গড়ে তুলতে হবে। বিজ্ঞানমনস্ক জাতি ও আধুনিক বাংলাদেশ গড়তে প্রচুর কাজ করতে হবে। প্রধানমন্ত্রী এ জন্য শিক্ষায় বিনিয়োগ বাড়াতে আগ্রহী। অবকাঠামো উন্নয়নেও তিনি মনোযোগী।
শনিবার (৮ জুন) সুনামগঞ্জের শহীদ আবুল হোসেন মিলনায়তনে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ-সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত সময়ে আওয়ামী লীগ সরকার ১২টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে এসব প্রকল্প বন্ধ করে দেয়। তারা দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চেয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর কাজ শুরু করতে চান।
পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জে হাজারো কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ, টেক্সটাইল ইনস্টিটিউট, নার্সিং কলেজের কাজ শুরু হয়েছে উল্লেখ করে বলেন, ছাতক-সুনামগঞ্জ রেল লাইন, সুনামগঞ্জ-ময়মনসিংহ সড়ক ও রেল লাইনসহ অসংখ্য প্রকল্প পাইপ লাইনে রয়েছে।
সংগঠনের উপদেষ্টা বজলুল মজিদ চৌধুরী খসরুর সভাপতিত্বে ও সংগঠনের সদস্য মাহবুবুর রহমান তাহমিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ্, সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুননবী, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরহাদ শাহী আফিন্দি প্রমুখ।
পরে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২৪ জন নবীন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
এর আগে পরিকল্পনামন্ত্রী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ স্টেডিয়াম মাঠে ঈদুল ফিতর উপলক্ষে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন।








