সিলেটে করোনায় সর্বোচ্চ শনাক্তের রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। একইসঙ্গে মহামারি করোনা ভাইরাসেেএকদিনে আরও ছয় জন মারা গেছেন। এদিকে সিলেটের হাসপাতালগুলোতে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর চাপ। আক্রান্তদের চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।
করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচজনই সিলেটের। অপরজন মৌলভীবাজার জেলার। আর শনাক্ত ৪৪২ জনের মধ্যে সিলেটের ২২৭ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৩৬ জন।
গত বছরের মার্চ থেকে এ বছরের ৯ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে করোনায় ৫১১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন সিলেট জেলায়। এ জেলায় করোনায় ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ২২ জন ও মৌলভীবাজারের ৩৯ জন রয়েছেন।
শুক্রবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, সিলেট বিভাগে করোনাক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৪৭ জনে। বর্তমানে সিলেট বিভাগ ৫৫১ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তন্মধ্যে ৪৮৬ জনই সিলেট জেলার।









