সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এটা এই বিভাগে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। একই সময়ে ৫৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সিলেট জেলায় ১১, সুনামগঞ্জে এক, হবিগঞ্জে এক, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আট জনের মৃত্যু হয়েছে। এর আগে গতকাল সিলেট বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ ২২ জনের মৃত্যুর খবর পাওয়া যায়।
এদিকে নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩১৭, সুনামগঞ্জে ৫৩, হবিগঞ্জে ৫৫ ও মৌলভীবাজারে ১০০ জন। এছাড়া এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৪৭ হাজার ৫৭৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৯২ জন। নতুন করে ৩৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৫ হাজার ৫২৮, সুনামগঞ্জে পাঁচ হাজার ৫২৮, হবিগঞ্জে পাঁচ হাজার ৭৩৯, মৌলভীবাজারে ছয় হাজার ৮৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৯৫৩ জনের।
এদিকে সিলেট কার্যালয়ের স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বিভাগে করোনায় এ পর্যন্ত মোট ৮৬৫ জনের মৃত্যু হয়েছে। সিলেট জেলায় সর্বোচ্চ ৬৩১, সুনামগঞ্জে ৬০, হবিগঞ্জে ৪৩, মৌলভীবাজারে ৬৬ ও ওসমানী মেডিক্যালে চিকিৎসাধীন ৬৫ জন মারা গেছেন।









