মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর রাবার বাগান থেকে মিনা (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার মিজাপুর ইউনিয়নের দিনারপুর চা বাগান এলাকার রূপাইছড়া রাবার বাগানের ভেতর টিলার পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ। মির্জাপুর ইউনিয়নের মঈনু মিয়ার মেয়ে মিনা।
মিনার ভাই আবুল হোসেন জানান, ‘আমার বোন স্থানীয় একটি মহিলা মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়তো। শুক্রবার বিকালে বাজার করতে স্থানীয় সমশেরগঞ্জ বাজারে যায়। এরপর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শনিবার এলাকায় মাইকিং করি। রবিবার সকালে রুপাইছড়া রাবার বাগানের টিলার মধ্যে আমার বোনের লাশ পাওয়া যায়। গলায় ওড়না পেঁচানো ছিল। পায়ে আঘাতের চিহ্নও রয়েছে।’
সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। শিগগিরই এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।








