হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। বুধবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। এতে কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশের আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন উপজেলা থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন। এ সময় সমাবেশে বাধা দেয় পুলিশ। এক পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ছুড়ছে পুলিশ। দফায় দফায় সংঘর্ষ চলছে।
এ বিষয়ে নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক অলিউর রহমান অলি জানান, বিএনপির জেলা সমাবেশ পণ্ড করতে সকাল থেকে নেতাকর্মীদের শহরে আসতে পথে পথে বাধা দিয়ে ধরপাকড় করা হয়। মিছিল নিয়ে শহরে প্রবেশের সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ওপর হামলা চালায় পুলিশ। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, বিএনপির নেতাকর্মীরা হঠাৎ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।









