শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
রবিবার (২৩ জানুয়ারি) নিন্দা জানিয়ে এক যুক্ত বিবৃতিতে উল্লেখ করা হয়, আন্দোলনের যৌক্তিক সমাধানের জন্য যখন আলোচনা চলছে, সেই অবস্থায় এরকম কার্যক্রম অন্য কিছুর ইঙ্গিত বহন করে।
এতে আরও বলা হয়, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আন্দোলনের নামে এ ধরনের অমানবিক কর্মকাণ্ডকে সমর্থন করতে পারে না। এই ধরনের অমানবিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এর আগে, রবিবার (২৩ জানুয়ারি) রাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনের পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পাশাপাশি বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না তারা।








