অবশেষে শুরু হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজের সংস্কারকাজ। কয়েক দফা পেছানোর পর বুধবার (১৬ আগস্ট) থেকে কিনব্রিজ দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাস ব্রিজ দিয়ে যান চলাচল বন্ধ থাকবে বলে রেলওয়ের পূর্বাঞ্চল প্রকৌশল বিভাগ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে যান চলাচল বন্ধের ঘোষণা দিয়ে কিনব্রিজের দুই পাশে মঙ্গলবার বিজ্ঞপ্তি টানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ হবে আশা রেলওয়ে বিভাগের।
যদিও গত ২৪ জুলাই রেলওয়ে পূর্বাঞ্চলের প্রকৌশল বিভাগ থেকে বিজ্ঞপ্তি দিয়ে দুই মাসের জন্য কিনব্রিজ সংস্কারের জন্য বন্ধ রাখার কথা জানানো হয়েছিল। তবে বিজ্ঞপ্তি প্রকাশের পরও সংস্কারকাজ শুরু না হওয়ায় এতদিন সেতুটি দিয়ে স্বাভাবিকভাবেই যান চলাচল করছিল। কিনব্রিজের তদারককারী প্রতিষ্ঠান সিলেট সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। সংস্কারকাজ করছে রেলওয়ের সেতু বিভাগ।
এ বিষয়ে রেলওয়ের সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী (পূর্বাঞ্চল) জীষাণ দত্ত বলেন, ‘সিলেটের ঐতিহব্যাহী কিনব্রিজটির সংস্কার করা প্রয়োজন। এজন্য ব্রিজ দিয়ে ১৬ আগস্ট থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত দুই মাস যান চলাচল বন্ধ থাকবে। সংস্কার করার জন্য ইতোমধ্যে মালামাল কিনব্রিজ এলাকায় নিয়ে রাখা হয়েছে।’
সওজ সূত্র জানায়, কিনব্রিজ নির্মাণ হয় ব্রিটিশ আমলে। টানা দুই বছর নির্মাণকাজ শেষে ১৯৩৬ সালে ব্রিজটি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল। তৎকালীন আসাম প্রদেশের গভর্নর মাইকেল কিনের নামে এই সেতুর নামকরণ হয় ‘কিনব্রিজ’। কিনব্রিজ সংস্কারের জন্য ২০২১ সালের ফেব্রুয়ারিতে দুই কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ পায় সওজ। ওই বছরের জুনে বরাদ্দের টাকা রেলওয়ের সেতু বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়। প্রায় ৯ দশক ধরে সচল ব্রিজটি দেশের অন্যতম প্রাচীন এবং সিলেট অঞ্চলে সুরমা নদীর ওপর প্রথম সেতু। এর দৈর্ঘ্য ১ হাজার ১৫০ ফুট এবং প্রস্থ ১৮ ফুট। মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রিজটি ১৯৭৭ সালে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথম দফা সংস্কার করেছিল। এরপর আর বড় ধরনের সংস্কার হয়নি। ২০১৯ সালের ১ সেপ্টেম্বর নড়বড়ে হয়ে পড়লে দুই দিকে লোহার বেষ্টনী দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সিটি করপোরেশন। তবে নাগরিকদের প্রতিবাদের মুখে প্রায় দেড় মাস পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
সওজ সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘রেলওয়ের সেতু বিভাগকে দুই মাসের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। সংস্কারের পর ব্রিজ দিয়ে বড় ধরনের যান চলাচল করতে দেওয়া হবে না। বুধবার থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী দুই মাস সংস্কারকাজ চলবে।’
সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান বলেন, ‘কিনব্রিজ সিলেটের পরিচয়বহনকারী স্থাপত্য। এটি টিকিয়ে রাখার স্বার্থে যান চলাচল বন্ধ করে ফুটওভার ব্রিজে রূপান্তর করার জন্য একটি প্রস্তাব আমরা ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সওজকে দিয়েছিলাম। নাগরিকদের দাবির মুখে হালকা যান চলাচলের জন্য এটি খুলে দেওয়া হয়েছে। তবে ঝুঁকি বিবেচনায় ভারী যান চলাচল বন্ধ রাখা হয়েছে।’









