বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ কর্মসূচিতে সহিংসতার ঘটনায় সিলেট মহানগর পুলিশের ছয়টি থানায় ১৭টি মামলা হয়েছে। কয়েকটি ছাড়া অধিকাংশ মামলার বাদী পুলিশ। গত ২৮ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত তিন যানবাহনে অগ্নিসংযোগ ও সাত যানবাহন ভাঙচুর করা হয়েছে।
অধিকাংশ মামলায় আসামি করা হয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের।
পুলিশ জানায়, মহানগর পুলিশের ছয়টি থানায় করা মামলায় বিএনপি-জামায়াতের ৩৮৬ জনকে এজহারনামীয় ও অজ্ঞাত আসামি করা হয়েছে ৮১২ জনকে। এদিকে পুলিশ অভিযান চালিয়ে ইতোমধ্যে এজাহারনামীয় ২১ ও অজ্ঞাত ২৯ জনকে গ্রেফতার করেছে।
মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান, বিএনপি-জামায়াতে সহিংসতায় মহানগর পুলিশ ছয়টি থানায় ১৭টি মামলা হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালন করতে গিয়ে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ মামলার এজহারনামীয় আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।









