ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরের শাহপুরে বৃহস্পতিবার (১৬ মে) একটি ব্রিজের কাজ করার সময় জালালাবাদ গ্যাস সঞ্চালন লাইনে লিকেজ হয়েছে। এতে ওই এলাকার গ্যাস সরবরাহ বন্ধ করেছে কর্তৃপক্ষ।
ফলে হবিগঞ্জের অলিপুর থেকে মাধবপুর পর্যন্ত কমপক্ষে ১৫ কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। উৎপাদন ব্যাহত হওয়ায় বিপুল আর্থিক ক্ষতির শিকার হচ্ছে শিল্প প্রতিষ্ঠানগুলো।
হবিগঞ্জ গ্যাস ফিল্ডের ম্যানেজার হোসেন মোহাম্মদ জুনায়েদ জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের ডিজাইন অনুযায়ী সম্প্রতি সঞ্চালন লাইন নিরাপদ দূরত্বে স্থানান্তর করা হয়। তারপরও আজ সড়কের ব্রিজের কাজ করার সময় মেশিনের আঘাতে গ্যাস লাইনের মেইন পাইপ ফুটো হয়ে গ্যাস নির্গত হতে থাকে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে লাইন বন্ধ করা হলে বেলা ১১টা থেকে ইন্ডাস্ট্রি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, দ্রুত মেরামতের কাজ চলছে। সন্ধ্যা ৬/৭টার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।









