পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কারণে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ এখন প্রায় নির্মূল হয়েছে। পুলিশের অনেক পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে এটি নির্মূল করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেদিকেও নজর রাখছে পুলিশ।
শনিবার (১৮ মে) সিলেট সিটি করপোরেশন আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি। সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে রাত সাড়ে ৮টায় সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ সমাবেশ হয়।
আইজিপি আরও বলেন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে। আপনার সন্তান কার কার সঙ্গে মিশছে এবং নিয়মিত স্কুলে যাচ্ছে কিনা নিয়মিত তদারকি করতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় মাদক ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব হবে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ও অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি রজত কান্তি গুপ্ত ও জান্নাতুল আশার যৌথ সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়।
এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।









