সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসচাপায় নিহত সুবীর তালুকদার (৩৩) ময়নাতদন্ত সম্পন্ন করেছে পুলিশ। নিহত সুবীর সুনামগঞ্জের মৃত সুষেন তালুকদারের ছেলে। তিনি সিলেট মহানগর পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
এর আগে, সোমবার (২৬ আগস্ট) বিকালে ছুটি শেষে কর্মস্থলে ফেরার পথে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের জাউয়াবাজারে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট সুবীর তালুকদার ২০১৭ সালে বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে যোগদান করেন। গত ২২ আগস্ট তিনি এসএমপির ট্রাফিক বিভাগ থেকে ছুটি নিয়ে বাড়িতে যান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ‘পুলিশ সার্জেন্ট সুবীরের ময়নাতদন্ত শেষে মঙ্গলবার আড়াইটার দিকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পরপরই পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। বাসের চালককে আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।’









