ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রাজাকার দেলোয়ার হোসেনের নামে করা সড়কের নামকরণ বাতিল ও তার ছেলেকে আওয়ামী লীগ থেকে ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন না দেওয়ার দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছে বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

সোমবার (১৩ মার্চ)বেলা ১১টায় মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যাণ্ডে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রায় পাঁচ সদস্য, জেলা ও আশপাশের কয়েকটি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতা ও স্থানীয় মুক্তিযোদ্ধাদের স্ত্রী-সন্তানসহ সহস্রাধিক লোক অংশ নেয়।
বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অবসরপ্রাপ্ত সার্জেন্ট তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ডার হারুন-অর-রশিদ।

জেলা সংসদের ডেপুটি কমান্ডার গাজী রতন মিয়ার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সরাইল উপজেলা কমান্ডার ইসমত আলী, আখাউড়া উপজেলা কমান্ডার আবু সায়েদ, ব্রাহ্মণবাড়িয়া পৌর কমান্ডার আব্দুল বাছির, বিজয়নগর উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মো. ফরিদ, চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার স্ত্রী ডলি রাণী দাস, মুক্তিযোদ্ধার সন্তান রুপা বেগম প্রমুখ।
/জেবি/টিএন/








