সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষককে উত্ত্যক্তের দায়ে দুই বহিরাগতকে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার সন্ধ্যার পর তাদেরকে জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন শাবির সহকারী প্রক্টর আলমগীর কবির।
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, শনিবার সন্ধ্যার সময় পলিটিক্যাল স্ট্যাডিস বিভাগের প্রধান অধ্যাপক দিলারা রহমান ক্যাম্পাসের রাস্তায় হাঁটতে থাকাকালে তাকে উত্ত্যক্ত করে হৃদয় (২০) ও রুবেল (১৯) নামের দুই যুবক। তারা দুজনেই সিলেটের ব্যবসা প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোং-এর শ্রমিক।
অধ্যাপক জানান, এ সময় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী তাদেরকে ধরে মারধর করে প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করেন। পরে প্রক্টরিয়াল বডি তাদের অপরাধ বিবেচনা করে জালালাবাদ থানা পুলিশের কাছে সোর্পদ করে।
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল বণিক জানান, এক শিক্ষিকাকে উত্ত্যক্তের দায়ে দুই জনকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কাছে সোপর্দ করেছে। বিষয়টি খতিয়ে দেখে এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
/এইচকে/







