হবিগঞ্জের লাখাই উপজেলার করাব গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
পুলিশ জানায়, উপজেলার করাব গ্রামের খলবাড়ির আদম আলীর সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী নাছির উদ্দিনের ফসলি জমিতে ছাগল চড়ানোকে কেন্দ্র করে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়। খবর পেয়ে লাখাই থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতরা হলো আব্দুল কাইয়ুম (৫০), দিদার আলী (৫০), নাজির মিয়া (৩০), জিয়াউর রহমান (৩৫), অন্তর মিয়া (৬০), সাদ্দাম মিয়া (২০), নেওয়াজ আলী (২০), নোয়াব আলী (৩০), আব্দুল মালেক (২৪), মুর্শিদ মিয়া (২২), জলিল মিয়া (১৯), আব্দুস সামাদ (৪৫), ফারুক মিয়া (৪৫), শাহানা খাতুন (২৬), হাজেরা খাতুন (৩০), ছালেক মিয়া (২০), এরশাদ আলী (৩০), আরিফ মিয়া (১৯), আব্দুল হাই (১৯), জাহাঙ্গির (২৮), রোকেয়া খাতুন (১৬)।
ওসি মোজাম্মেল জানান, পুলিশ ঘটনাস্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে।
/এআর/








