সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকার একটি আবাসিক হোটেল থেকে বাবুল মিয়া নামে এক ফার্মেসি কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে হাসপাতালের পার্শ্ববর্তী হোটেল শিরিনের ১৪ নম্বর কক্ষের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া বাবুল মিয়া (৪৮) ওসমানীনগর থানার মাটিহানি গ্রামের মৃত ইছাক আলীর ছেলে। তিনি ওসমানী হাসপাতালের পাশের জাউয়া ফার্মেসিতে কর্মচারী হিসেবে কাজ করতেন।
ফার্মেসির মালিক জীবন আহমদ বলেন, ‘শুক্রবার রাতে ডিউটি শেষে বাবুল মিয়া হোটেলে ঘুমাতে যান। ওই হোটেলে তিনি প্রায় দেড় বছর ধরে রুম ভাড়া নিয়ে থাকছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিতে না আসায় তাকে খুঁজতে হোটেলে গেলে রুম ভেতর থেকে বন্ধ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রুমের দরজা ভেঙে ভেতরে বাবুল মিয়ার লাশ পাওয়া যায়।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’









