মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জিরাবাহী গাড়ি ও পণ্য লুটের ঘটনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) পৌর শাখার সদস্য সচিব জাহেদ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। ড্রাইভার ও হেল্পারকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৮০০ কেজি জিরা ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, সিলেটের জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আফজালুর রহমানের ১৬০ বস্তা জিরাবাহী কাভার্ডভ্যানটি গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছায়।
অভিযোগ রয়েছে, জাসাস নেতা জাহেদ আলী ও তার সহযোগীরা ড্রাইভার ও হেল্পারকে প্রাণনাশের হুমকি দিয়ে গাড়িটির নিয়ন্ত্রণ নেয়। পরে শহরতলীর উত্তরসুর এলাকায় ড্রাইভার ও হেল্পারকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে ৪ হাজার ৮০০ কেজি জিরা, ২০ হাজার টাকা নগদ এবং দুটি স্মার্টফোনসহ গাড়িটি লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ী আফজালুর রহমান জানান, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর শনিবার রাতে তিনি শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন।
এরপর গত ২০ জুন শনিবার রাত আড়াইটার দিকে শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) বাবলু পালের নেতৃত্বে পুলিশের একটি দল শহরে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহেদ আলীকে (৩০) গ্রেফতার করে।
গ্রেফতার জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃত নায়েব আলীর ছেলে এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের সদস্য সচিব।








