সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), সেকেন্ড অফিসারসহ তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা। সোমবার দুপুরে সিলেট মহানগর মুখ্য হাকিমের আদালতে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুরুল ইসলাম মঞ্জু বাদী হয়ে এ মামলা করেন। আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করায় ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা এ মামলা দায়ের করেন বলে জানা যায়।
মামলার আসামিরা হলেন কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদ ও সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফয়াজ উদ্দিন ফয়েজ ও একই থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কাদির। সিলেট নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ আমলে নিয়ে মামলাটির বিচার বিভাগীয় তদন্ত শেষে আগামী ২৯ মে এর মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক সাইফুল ইসলাম হীরা।
৯ এপ্রিল রাতে নগরীর কুয়ার পাড়ে জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ ও সাবেক ছাত্রদল নেতা আব্দুস সামাদের সমর্থদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ চলাকালে পুলিশ ৪টি রামদা উদ্ধার করে। এ সময় ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোতয়ালী থানার ওসির ওপর নাখোশ হন সরকারি দলের এ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
ঘটনার পরদিন ১০ এপ্রিল বিকেলে ২৪ ঘন্টার মধ্যে কোতোয়ালী থানার ওসির অপসারণ চেয়ে নগরীতে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। এর একদিন পর আদালতে ওসিসহ তিন কর্মকতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন—
বাঁশখালীর মানুষকে ভুল বোঝানো হয়েছে: এবিএম মহিউদ্দিন
বরিশালে ইটভাটা থেকে শিশুসহ ১৩ শ্রমিক উদ্ধার, দুইজন গ্রেফতার
/এইচকে/








