শ্রীমঙ্গল উপজেলায় আর কোনও পরিবার গৃহহীন থাকবে না। ‘সবার জন্য বাসস্থান’ নিশ্চিত করতে সিলেট বিভাগের শ্রীমঙ্গলকে প্রথম ধাপের পাইলট প্রকল্পের আওতায় নেওয়া হয়েছে। এ অনুযায়ী, প্রকল্পভুক্ত উপজেলায় কোনও মানুষ আর গৃহহীন থাকবে না।
গত ২২ মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো আশ্রয়ণ প্রকল্প-২ নামক প্রকল্পের পরিপত্রে একথা বলা হয়েছে।
প্রাথমিকভাবে এ পাইলট প্রকল্পের আওতায় দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শ্রীমঙ্গল ছাড়া অন্য উপজেলাগুলো হলো, রংপুরের নীলফামারী জেলার কিশোরগঞ্জ সদর, ঢাকার মানিকগঞ্জের দৌলতপুর, ময়মনসিংহের জামালপুরের মেলান্দহ, চট্রগ্রামের লক্ষ্মীপুরের রামগতি, খুলনার কয়রা উপজেলা, রাজশাহীর সিরাজগঞ্জের চৌহালী এবং বরিশালের ভোলার মনপুরা উপজেলা। সারাদেশে ১ লাখ ১০ হাজার গৃহহীন পরিবারকে এ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. নূরুল হুদা জানান, গৃহহীনের তালিকা যাচাই বাছাই কমিটির যারা ইউনিয়ন কমিটি আহ্বায়ক তাদের নিয়ে গত ৬ এপ্রিল সভা হয়। সভায় প্রায় ১০ হাজার পরিবারকে গৃহনির্মাণের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু এটি সরকারের একটা ভালো উদ্যোগ সেজন্য তালিকা তৈরি নিয়ে তড়িঘড়ি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে।
আরও পড়তে পারেন: তনুর প্রথম ময়নাতদন্তকারী ডাক্তারকে ফের জিজ্ঞাসাবাদ সিআইডি’র
তিনি জানান, প্রাথমিকভাবে শ্রীমঙ্গল উপজেলায় ২/৩ শতক জমি যাদের রয়েছে তাদেরকে প্রথম পর্যায়ে গৃহনির্মাণ করে দেওয়া হবে।
প্রকল্পের বিধি অনুযায়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট উপজেলা যাচাই-বাছাই কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়তে পারেন: প্রতিবাদের ভিন্নস্বর: ‘রংবাজি’ থেকে মোবাইলফোনে স্লোগান
/এসটি/








