ব্যাটারির বিদ্যুৎ ব্যবহার করে ১৯ আসনের একটি উড়োজাহাজ উড়িয়ে নতুন মাইলফলক অর্জন করেছে চীন। জ্বালানি তেল ছাড়াই উড়োজাহাজটি আকাশে ছিল ১৭ মিনিট। প্রথম পরীক্ষামূলক উড্ডয়নে এটি ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ পাড়ি দেয়। তবে একবার চার্জে উড়োজাহাজটির সর্বোচ্চ দূরত্ব ৪০০ কিলোমিটার বলে জানানো হয়েছে।
সিই-২৫এ নামের উড়োজাহাজটি তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (সিওএমএসি)। প্রায় ১০ হাজার কেজি ওজন নিয়ে উড্ডয়নে সক্ষম উড়োজাহাজটি বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।
প্রচলিত উড়োজাহাজের মতো এর দুই ডানার নিচে বড় ইঞ্জিন নেই। এর পরিবর্তে দুই ডানায় পাঁচটি করে মোট ১০টি বৈদ্যুতিক ডাক্টেড ফ্যান বসানো হয়েছে। এই প্রযুক্তিকে বলা হয় ‘ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক প্রপালশন’। এর মাধ্যমে উড়োজাহাজের চলাচল আরও দক্ষ করা এবং জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব।
ডানার সঙ্গে সরাসরি যুক্ত ফ্যানগুলো উড়োজাহাজের পৃষ্ঠ ঘেঁষে থাকা ধীরগতির বায়ুস্তর বা বাউন্ডারি লেয়ার ব্যবহার করতে পারে। আকাশে চলার সময় উড়োজাহাজের পেছনে তৈরি হওয়া ঘূর্ণায়মান বায়ুপ্রবাহে অনেক শক্তি নষ্ট হয়। ফ্যানের অবস্থান এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে ধীরগতির বায়ুপ্রবাহকে আবার গতিশীল করে সেই শক্তির কিছুটা কাজে লাগানো যায়। এতে বায়ুগতীয় শক্তির অপচয় কমে এবং উড্ডয়ন দক্ষতা বাড়ে।
বৈদ্যুতিক উড়োজাহাজের চ্যালেঞ্জ
উড়োজাহাজটির নকশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নর্থওয়েস্টার্ন পলিটেকনিক্যাল ইউনিভার্সিটির জুনচিয়াং বাই। বায়ুপ্রবাহের শক্তি অপচয়ের সমস্যা সমাধানে তিনি কাজ করেছেন। সায়েন্টিয়া সিনিকা টেকনোলজিকা সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় তিনি কম্পিউটারের মাধ্যমে ডানার বিভিন্ন নকশা পরীক্ষার একটি পদ্ধতি তুলে ধরেন। বিস্তারিত সিমুলেশনের তুলনায় এই পদ্ধতিতে প্রায় ২০০ গুণ দ্রুত পরীক্ষা করা সম্ভব। গবেষণার মডেল অনুযায়ী, উন্নত নকশায় উড়োজাহাজের সর্বোচ্চ লিফট-টু-ড্র্যাগ অনুপাত প্রায় ৫০ শতাংশ বাড়ানো সম্ভব হয়েছে। মূল নকশায় অবদান রাখার পাশাপাশি ছোট আকারের পরীক্ষামূলক উড়োজাহাজও উড়িয়েছেন তিনি।
আরেকটি বড় চ্যালেঞ্জ ছিল শক্তিশালী বৈদ্যুতিক মোটর ঠান্ডা রাখা। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষকেরা এ সমস্যার সমাধানে উড়োজাহাজটির ২ মেগাওয়াটের সমন্বিত প্রপালশন ব্যবস্থা তৈরি করেছেন। এতে ফ্যানের মধ্য দিয়ে প্রবাহিত বাতাস মোটর ঠান্ডা রাখে। ফলে ভারী তরল-শীতলীকরণ ব্যবস্থার প্রয়োজন হয় না। এই ব্যবস্থার দক্ষতা পাওয়া গেছে ৯৪ দশমিক ৫ শতাংশ।
ব্যাটারির তথ্য এখনও অজানা
উড়োজাহাজটিতে কী ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ব্যাটারির ধারণক্ষমতা, ওজন, রাসায়নিক গঠন কিংবা চার্জ হতে কত সময় লাগে কোনোটিই জানা যায়নি।
জেট জ্বালানির তুলনায় প্রতি কেজি ব্যাটারিতে সঞ্চিত শক্তির পরিমাণ কম। ফলে বেশি দূরত্ব পাড়ি দিতে বেশি ব্যাটারি প্রয়োজন হয়, যা উড়োজাহাজের ওজন বাড়িয়ে দেয়। বাড়তি ওজন বহন করতেও বেশি শক্তি লাগে। বৈদ্যুতিক উড়োজাহাজের ব্যবহার বড় পরিসরে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটিই অন্যতম বড় চ্যালেঞ্জ। উড়োজাহাজটিতে কবে প্রথম যাত্রী নিয়ে বাণিজ্যিক উড্ডয়ন শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও তারিখ জানানও হয়নি।
সূত্র: উইয়ন নিউজ
মুক্তির প্রথম দিনেই ২৩৬ কোটি ডলারের বিক্রি, রেকর্ড গড়লো জিটিএ ৬
অভিষেকেই বাজিমাত: বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি এখন অ্যানথ্রপিক