একমাসেরও বেশি সময় বন্ধ থাকার পর মঙ্গলবার খুলেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ক্যাম্পাসের ভেতর ও বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ। ছাত্র আন্দোলনের মুখে গত ২৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দেওয়া হয়েছিল।
যবিপ্রবি জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক হায়াতুজ্জামান জানান, গতকাল দুপুরে (সোমবার) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিস কক্ষে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংক্রান্ত এক বিশেষ সভা হয়। উপাচার্য প্রফেসর ড. আব্দুস সাত্তার এতে সভাপতিত্ব করেন। সভায় যশোরের জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও পুলিশ সুপার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় সিন্ধান্ত হয়, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। ক্যাম্পাসে মিছিল-সমাবেশ আগের মতোই নিষিদ্ধ থাকবে।
সভা থেকে উপাচার্য, ডিসি ও এসপি শিক্ষার্থীদের শঙ্কামুক্ত থেকে ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি ভয়-ভীতি দেখিয়ে শিক্ষার্থীদের ক্লাস করা হতে বিরত রাখার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, রিজেন্ট বোর্ডের ৩৪তম সভায় কয়েক ছাত্রের বিরুদ্ধে কর্তৃপক্ষের শাস্তিমূলক সিদ্ধান্তের প্রতিবাদে টানা ১৭ দিন আন্দোলন করেন শিক্ষার্থীরা। ২৭ এপ্রিল একপর্যায়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে দেন। সেদিন পুলিশ ক্যাম্পাসে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেন আন্দোলনরত শিক্ষার্থীদের। আটক করা হয় ২৭ ছাত্রকে। ওইদিন বিকেলে কর্তৃপক্ষ এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের দুটি হল খালি করার নির্দেশ দেন। পাশাপাশি গরমের ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
আরও পড়ুন: আফগানিস্তানে ৫৫ পুলিশ সদস্য নিহত
/এমও/








